রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশের অংশগ্রহণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও টেকসই অভিবাসনে বিশ্বাসী। তবে দীর্ঘমেয়াদি রোহিঙ্গা সংকট এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। তিনি এ সংকট মোকাবিলায় জাতিসংঘের ছায়াতলে আরও শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন ও বৈশ্বিক তহবিলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা জরুরি।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের মানবিক ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, বিপুলসংখ্যক শরণার্থীর দীর্ঘমেয়াদি চাপ এককভাবে বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি মনোযোগ ও কার্যকর সমর্থন প্রয়োজন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে সমাদৃত। জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
এ সময় তিনি টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে জাতিসংঘের নিবিড় সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনে জাতিসংঘের সহযোগিতার প্রশংসা করেন।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী আবাসিক সমন্বয়কারীকে বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য স্বাগত জানান। অন্যদিকে ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক স্বরাষ্ট্রমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান।
বৈঠকে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের হেড অব অফিস লুইস বারবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান ও উপসচিব মিনারা নাজমীন উপস্থিত ছিলেন।









