বৃহস্পতিবার | ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

আদ্-দ্বীনের ঘটনায় বিদেশে ভালো বার্তা যাচ্ছে না: সংসদে জামায়াত এমপি

স্টাফ রিপোর্টার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ডিগ্রি-সংক্রান্ত জটিলতার কারণে বিদেশে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যাচ্ছে বলে জানিয়েছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, কলেজটির বিদেশি শিক্ষার্থীরা বিভিন্ন দফতরে ঘুরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাক্ষাৎ পাচ্ছেন না।

বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৫তম দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াত এমপি।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, সংসদীয় দলের নেতা স্বাস্থ্য ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন। বাজেটে বরাদ্দ বাড়ানো হলেও একই সময়ে একটি মানবিক হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি বলেন, ৭০০ শয্যার ওই হাসপাতালে ১৮০টি বেড বিনামূল্যে রাখা হতো, প্রতিদিন গড়ে ২৩টি স্বাভাবিক প্রসবের ব্যবস্থা করা হতো এবং অসংখ্য রোগী ও তাদের স্বজনদের বিনামূল্যে খাবার দেওয়া হতো।

 

আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর প্রসঙ্গ তুলে শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। তবে ৩০০ শিশু হামে মারা যাওয়ার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী কখনও পদত্যাগের কথা ভেবেছেন কি না, সেই প্রশ্নও তিনি সংসদে উত্থাপন করেন।

 

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডিগ্রি জটিলতার বিষয়ে শফিকুল ইসলাম বলেন, বর্তমানে সেখানে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের মধ্যে প্রায় আড়াইশ বিদেশি শিক্ষার্থী রয়েছেন। অথচ তারা বিভিন্ন দপ্তরে ঘুরেও সমস্যার সমাধান পাচ্ছেন না।

শফিকুল ইসলাম বলেন, ‘যেখানে বহির্বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের একটি মাধ্যম হতে পারে এই শিক্ষার্থীরা, সেখানে তারা দ্বারে দ্বারে ঘুরছেন। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিদেশে আমাদের সম্পর্কে ভালো বার্তা যাচ্ছে না।’

জামায়াত এমপি বলেন, শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের সুযোগ পর্যন্ত পাচ্ছেন না। সচিব মহোদয়ের কাছে সুযোগ নেই, মহাপরিচালকের কাছে সুযোগ পাওয়া যাচ্ছে না, স্বাস্থ্যমন্ত্রীর কাছেও তারা যেতে পারছেন না। এই শিক্ষার্থীরা কোথায় যাবে, সেই বিষয়টি আমাদের বিবেচনা করা উচিত।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD