রবিবার | ১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩

কৃষক ভালো থাকলে বাংলাদেশের মানুষও ভালো থাকবে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

কৃষক ভালো থাকলে বাংলাদেশের মানুষও ভালো থাকবে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মা-বোনদের ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে এবং কৃষকদের জন্য আলাদা কৃষক কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা প্রয়োজনীয় সহায়তা ও সুবিধা সহজে পাবেন।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন কৃষকদের বন্ধু। আমরাও কৃষকদের বন্ধু। কৃষক ও কৃষাণীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, আজ আনুষ্ঠানিকভাবে সাহাপাড়া খাল খনন শুরু হলো খালটি ১২ কিলোমিটার খনন শেষ হলে ৩১ হাজার কৃষক উপকৃত হবে। এই খাল থেকে পানি নিয়ে কৃষকরা ১২০০ হেক্টর জমিতে সেচ দিতে পারবে। সুবিধার আওতায় আসবে সাড়ে ৩ লাখ মানুষ। সবচেয়ে বড় বিষয় এই এলাকার কৃষকরা যে ফসল উৎপাদন করছে, তার থেকে ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদন করতে পারবে।

তিনি আরো বলেন, দেশের অধিকাংশ গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি। তাই কৃষিকে বাঁচাতে হলে পানি ব্যবস্থাপনা উন্নত করা জরুরি।

 

তিনি জানান, দীর্ঘদিন খাল ও নদী খনন না হওয়ায় অনেক জায়গায় সেগুলো ভরাট হয়ে গেছে। বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ দেওয়ার জন্য আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

উত্তরাঞ্চলকে কৃষি প্রধান এলাকা উল্লেখ করে তিনি বলেন, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দেশের বিভিন্ন বড় কোম্পানির সঙ্গে আলোচনা চলছে এবং ঈদের পর এ নিয়ে বৈঠক হবে। এতে কৃষকদের সন্তানদের কর্মসংস্থান তৈরি হবে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-৪ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD