খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক স্বশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফের (প্রসীত) ৩ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টার দিকে উপজেলার সিলকপাড়া থেকে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) আভিযানিক টহল দল তাদের আটক করে।
আটকরা হলেন- গুইমারার হাফছড়ি ইউনিয়নের থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা ইউনিয়নের কলা পাড়ার সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭), মাটিরাঙ্গা ইউনিয়নের মানসি পাড়া দুর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, সিলকপাড়া কর্ণ ত্রিপুরার বাড়িতে স্বশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের আভিযানিক দল ওই বাড়িটি ঘেরাও করে। পরে সেখানে অভিযান চালিয়ে ৩ ইউপিডিএফ সদস্যকে আটক করে নিরাপত্তাবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলএনজি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
আটকদের উদ্ধারকৃত অস্ত্রসহ মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
পার্বত্যাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









