গোপালগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর যাত্রা শুরু হয়েছে।।
বুধবার (০১.০৪.২০২৬) সকালে গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে গোপালগঞ্জ সওজ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সরকারি বাসভবন চত্বরে একটি বকুল ফুলের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো: আরিফ-উজ-জামান।
এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ একটি কদম ফুলের চারা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম কামিনী ফুলের চারা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান রাধাচূড়া এবং নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম কাঠগোলাপের চারা রোপণ করেন। এতে বৃক্ষরোপণ উৎসবে ভিন্ন মাত্রা যোগ হয়।
গোপালগঞ্জ সওজ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: সাদেকুল ইসলাম এ বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে, সড়ক ও জনপথ বিভাগকেও টার্গেট দেয়া হয়েছে।
এরই অংশ হিসেবে গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ কার্যক্রমের যাত্রা আজ শুরু হলো। তিনি আরও বলেন, সড়ক ও জনপথ, গোপালগঞ্জ জোনের আওতায় বিভিন্ন স্থানে ১৫ হাজার বনজ, ফলজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনের চারা রোপন করা হবে।
এসময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, সামিউল কাদের খান, সহকারী প্রকৌশলী রেফাতুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সুমন কর্মকার, মেহেদী হাসান, মো: হাফিজ হোসেন, মো: করিম আলী খান, মোঃ রাশিদুর রেজা, মোঃ মোস্তাফিজুর রহমান, মো: শামীম আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে বৃক্ষরোপণ কর্মসূচির সফকতা ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।









