গাজীপুরের টঙ্গীতে বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার বেলা পৌনে বারোটার দিকে শিলমুন বিল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃত সাব্বির হোসেন (২১) শিলমুল পূর্বপাড়া এলাকার আব্দুল খাদেরের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার বিকেলে নৌকা নিয়ে শিলমুন বিলে ঘাস কাটতে যায় সাব্বির। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে বিলের পানিতে খালি নৌকা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান চালায়। একপর্যায়ে আলো স্বল্পতার কারণে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করলে বেলা পৌনে বারোটার দিকে বিল থেকে লাশ উদ্ধার করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, রোববার বিকেলে নৌকা যোগে বিলে ঘাস কাটতে গিয়েছিল সাব্বির। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে নৌকা থেকে ছিটকে পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।
জেডএম









