চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় নাচোল থানা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি (ডেভেলপমেন্ট) মো. ইব্রাহিম খলিলও উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের কার্যালয়ে সরকারি কার্যক্রম শেষে তিনি নাচোল থানার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একটি গাছের চারা রোপণ করেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও বৃক্ষরোপণে অংশ নেন। বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাচোল থানা প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।









