নাটোরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (মেটারনিটি) এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের এক চিকিৎসককে মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে নাটোর শহরের আলাইপুর এলাকায় অবস্থিত সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রসবব্যথা নিয়ে রোববার সকালে নাটোর সদর উপজেলার আগদিঘা গ্রামের আবু হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী রুমি বেগমকে সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, গর্ভের শিশুটি অপরিণত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে নবজাতকের জন্ম হয়।
নবজাতকের মৃত্যুর পর স্বজনরা চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা হাসপাতালের ভাঙচুর চালান এবং এক চিকিৎসককে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে চিকিৎসক ডা. মো. শাহাবুজ্জামান বলেন, শিশুটি মায়ের গর্ভে উল্টো অবস্থানে ছিল এবং অপরিণত ছিল। তার দাবি, জন্মের আগেই মায়ের গর্ভে শিশুটির মৃত্যু হয়েছিল।
তবে নবজাতকের স্বজনদের দাবি, জন্মের পর শিশুটির অক্সিজেনের প্রয়োজন হলেও সময়মতো তা দেওয়া হয়নি। পরে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকদের অবহেলার কারণেই এ মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
/এএস









