বরগুনার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৪ মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে আমতলী পৌরসভার এ.কে স্কুল চৌরাস্তা এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোহাম্মদ ওয়ালীউল্লাহ্’র নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় মোঃ আমিনুর (২৯) নামে এক যুবককে আটক করা হয়। তিনি আমতলী উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী এলাকার বাসিন্দা এবং তাঁর পিতার নাম মোঃ মোতাহার হাওলাদার।
এ সময় তাঁর কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দ তালিকা প্রস্তুত করে আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ হাসনাইন পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।









