রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে কীটনাশক পান করার পর চিকিৎসাধীন অবস্থায় নুপুর খাতুন (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ জুন দুপুরে পারিবারিক ও সাংসারিক বিষয় নিয়ে নুপুর খাতুনের সঙ্গে তার শাশুড়ি শারমিন বেগমের কথা-কাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তিনি গোয়ালঘরে রাখা ঘাসে ব্যবহৃত কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন।
পরে তার চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে ১৫ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে নুপুর খাতুন মারা যান।
নিহত নুপুর খাতুন বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামের মিঠু সরদার ও উর্মি বেগমের মেয়ে এবং একই গ্রামের রানা সাহেবের স্ত্রী।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।









