লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বৃষ্টিতে ভিজে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। রবিবার (৩ মে) বিকেলে উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এসে নতুন কমিটির নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এসময় নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।
লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন কিরনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর, ছাত্রদল নেতা বাবলুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিল শেষে জেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভিসহ অন্যান্য নেতাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় নেতাকর্মীরা।
ছাত্রদল নেতা আরমান হোসেন কিরন বলেন, জেলা কমিটির নেতারা অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ। আন্দোলন-সংগ্রামে রাজপথে তাদের উল্লেখযোগ্য ত্যাগ ও ভূমিকা রয়েছে। আনন্দ মিছিলের মাধ্যমে আমরা নতুন কমিটিকে স্বাগত জানিয়েছি। তাদের নেতৃত্বে আগামী দিনে ছাত্রদলের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
নতুন কমিটির সদস্য সচিব হাসিবুর রহমান অভি বলেন, ছাত্রদল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথের একটি সুসংগঠিত ও দক্ষ সংগঠন। শিক্ষার্থীদের অধিকার আদায় ও কল্যাণে ছাত্রদল সবসময় কাজ করে আসছে। সুশৃঙ্খল রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে লক্ষ্মীপুর ছাত্রদলকে দেশের অন্যতম শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় নবনির্বাচিত আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, তা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলকে সামনের সারিতে রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য।









