মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি মসজিদের ভেতরে ঢুকে এক মুসল্লিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) ভোরে ফজরের নামাজের সময় উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ মিয়া স্থানীয় লইয়ারকুল এলাকার বাসিন্দা। একই এলাকার বাসিন্দা জসীম মিয়াকে এ ঘটনায় আটক করেছে পুলিশ।
স্থানীয় ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি জহুরুল হক মুন্না বলেন ফজর নামাজ চলাকালীন সময় হঠাৎ করে এক ব্যক্তি মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে হাফিজ মিয়ার উপর হামলা করে। খুনি একটি কলম দিয়ে হাফিজ উল্লাহর চোখে, মাথায় ও মুখের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে। এসময় হাফিজ মিয়া নামাজে সিজদারত ছিলেন। হামলার পর স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার সময় তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জসীম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নিহত হাফিজ উল্লাহর একটি দোকান থেকে জসীম মিয়ার বাকিতে পণ্য নেয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরে বিস্তারিত তথ্য জানা যাবে।









