সিরাজগঞ্জে মাদক মামলায় ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ এর আদালতের বিচারক নজরুল ইসলাম এই কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার জায়গীরপাড়া এলাকার ওসমান গনি ও মো. গোফরান, মুক্তারপুর গ্রামের মো. আলেফ, গৌরশহরপুর গ্রামের মো. মানিক, বিড়ালদহ গ্রামের মো. আনিছ এবং শেখের চর এলাকার মো. রাজিব।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল বলেন, রায় ঘোষণার সময় আসামি মো. রাজিব, মো. গোফরান ও মো. আলেফ আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন পলাতক রয়েছেন।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ১৫ জুলাই যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ মহাসড়কে টহল ডিউটি পালন করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল মাদক ব্যবসায়ী রাজশাহী থেকে প্রাইভেটকারযোগে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে সকাল থেকে যমুনা সেতু গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের তল্লাশি করে পুলিশ। বিকেল পৌনে চারটার দিকে একটি প্রাইভেটকারে তল্লাশি করে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে পুলিশ। পরে প্রাইভেটকারে থাকা ওসমান গনী, মো. গোফরান ও মো. রাজিবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জানায়, এই ঘটনার সাথে আরো তিনজন জড়িত। মামলার তদন্ত শেষে পুুুলিশ ৬ জনকে অভিযুক্ত করে ২০১২ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা। দীর্ঘস্বাক্ষ্য প্রমাণ শেষে সোমবার এ রায় দেয় আদালত।









