রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা একটি অত্যন্ত জন-গুরুত্বপূর্ণ এবং ঘনবসতি এলাকা। সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় লোক সংখ্যা প্রায় ৩ লক্ষ। এক যুগ আগে উপজেলার একমাত্র সরকারি হাসপাতালটি প্রতিষ্ঠিত হলেও রোগী সেবার ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল। বর্তমানে কালুখালী উপজেলা কমপ্লেক্স-এ রোগী সেবার মান বেড়েছে সন্তোষজনক ভাবে। হাসপাতাল ঘুরে দেখা যায় , রান্নাঘর সহ সবকিছুই পরিচ্ছন্ন ও গোছালো। খাবারের মান বৃদ্ধি পেয়েছে যেটি এই প্রতিবেদক নিজে প্রত্যক্ষ করেছে এবং অনেক রোগীর সাথে আলাপ করেও তার সত্যতা পাওয়া গেছে। সাপে কাটা রোগীর সফল চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং বিভিন্ন টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং নিয়মিত টিকা প্রদান করা হচ্ছে। এছাড়াও চিকিৎসক সংকট থাকলেও অন্য হাসপাতাল থেকে ডাক্তার এনে নিয়মিত সিজার করা হচ্ছে।
সবচেয়ে সন্তোষজনক বিষয় হচ্ছে, রোগীর উপস্থিতি এত বেড়েছে যে হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে গত কয়েক মাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ রেভিনিউ রাজস্ব খাতে জমা দেয়া হয়েছে যা জেলার অন্যান্য উপজেলা হাসপাতালের তুলনায় দ্বিগুণ। প্রয়োজনীয় চিকিৎসক এবং নির্দিষ্ট পরিমাণ যন্ত্রপাতি থাকলে আরো অধিক সেবা প্রদান করা যাবে বলে হাসপাতালে কর্মরত কয়েকজন ডাক্তার এই প্রতিবেদককে জানান। প্রত্যন্ত অঞ্চলের গরিব -দুঃখী ,অসহায় মানুষের সেবার মান বাড়াতে হাসপাতালে চিকিৎসা এবং বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন দায়িত্বশীল কর্মকর্তারা।









