বুধবার | ৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩

তারেক রহমানের প্রত্যাবর্তনে সব অপশক্তি পরাস্ত হবে: ইশরাক

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে সব অপশক্তি পরাস্ত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত দোয়া মাহফিলে ইশরাক এ মন্তব্য করেন। গেন্ডারিয়া থানা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই কর্মসূচির আয়োজন করে।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক বলেন, নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। নির্বাচনে কাকে ভোট দেবেন তা সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমাদের পরিকল্পনা দেখুন, বিবেচনা করুন, তারপর ভোটাধিকার প্রয়োগ করুন। জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই বাংলাদেশকে রক্ষা করা হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ভয় ও সন্ত্রাসমুক্ত পরিবেশে নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে।

ইশরাক হোসেন আরও বলেন, গত ১৭ বছর ধরে আমরা রাষ্ট্রীয় সন্ত্রাস ও নিপীড়নের শিকার হয়েছি, কিন্তু ভয় পাইনি। যারা আবার ক্ষমতায় ফিরে এসে দেশের স্বাধীনতা বিক্রি করতে চায়, তাদের ষড়যন্ত্র জনগণের সামনে স্পষ্ট। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের আন্দোলন থামাতে পারবে না।

সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই বিএনপি ও ফ্যাসিবাদবিরোধী প্রার্থীদের লক্ষ্য করে সহিংসতা শুরু হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনা এবং এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর ওপর হামলার বিষয়টি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

ইশরাক হোসেন দাবি করেন, এসব হামলার সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত এবং সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া অডিও বার্তায় হত্যার নির্দেশ ও প্রার্থী টার্গেট করার তথ্য প্রকাশ পেয়েছে। তিনি এসব ঘটনায় সরকারের গোয়েন্দা ব্যর্থতা ও সদিচ্ছার অভাবের কথাও উল্লেখ করেন। বর্তমান সরকারকে অবিলম্বে সব ধরনের হুমকি চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

সব প্রার্থী ও নেতাকর্মীদের নিজ নিজ অবস্থানে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং রাজনৈতিকভাবে তাদের বিচার নিশ্চিত করা হবে।

খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে ইশরাক বলেন, দেশের এই সংকটময় সময়ে তার মতো একজন অভিভাবকের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।

গেন্ডারিয়া থানা জাসাসের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল হোসেন টিপু, সদস্য হাজী মো. আকতার হোসেন, গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক আবদুল কাদির, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ অপু ঢালী, রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD