দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া গ্রেফতারকৃত এক ব্যক্তির কাছ থেকে লুট করা নগদ ৫০ হাজার টাকা ও লুটের টাকায় কেনা একটি টেলিভিশন ও একটি ফ্রিজ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. নাইম (২৬) ২। মো. আকাশ আহমেদ সাগর (২৮) ৩। মো. আব্দুল আহাদ (১৮) ৪। মো. বিপ্লব (২২) ৫। মো. নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০) ৬। মো. জাহাঙ্গীর (২৮) ৭। মো. সোহেল রানা (২৪) ৮। মো. হাসান (২২) ৯। রাসেল ওরফে সাকিল (২৮) ১০। মো. আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১) ১১। মো. রাশেদুল ইসলাম (২৫) ১২। মো. সোহেল রানা (২৭) ১৩। শফিকুল ইসলাম (৩৪) ১৪। মো. প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত ১৫। আবুল কাশেম ১৬। রাজু হোসাইন চাঁদ ও ১৭। সাইদুর রহমান (২৫)।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম পিপিএম।
অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট থেকে ১৯ ডিসেম্বর রাত ২টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোক বেআইনীভাবে সমবেত হয়ে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপর মারমুখী আচরণ করে। পরবর্তীতে আরো অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসও দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপণসহ ভবনে আটকে পড়াদের উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ কমিশনার আরো জানান, গণমাধ্যমের ওপর ন্যক্কারজনক এ হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ শুরু করেছে। ওই ঘটনার প্রেক্ষিতে প্রথম আলো কর্তৃপক্ষ তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত এ পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে তেজগাঁও থানা পুলিশ ২২ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করে। একই তারিখে অপর এক অভিযানে তিনজনকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
অপরদিকে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাইদুর রহমান নামে আরো একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নাইমের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও প্রথম আলো কার্যালয় হতে লুট করা অর্থ দিয়ে কেনা একটি টেলিভিশন ও একটি ফ্রিজ উদ্ধার করা হয়েছে।
এই ন্যক্কারজনক ঘটনায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও সন্ত্রাস বিরোধী আইনে তেজগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।









