আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার বেলা ১১টার দিকে ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে আসিফ মাহমুদ বলেন, প্রচারণার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। তাই স্বাভাবিক প্রচারণা করতে পারছেন না। শরিফ ওসমান হাদির হত্যার আসামিদের এখনও পর্যন্ত সরকার গ্রেফতার করতে পারেনি। এটি সরকারের ব্যর্থতা। প্রার্থিরা ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের নেতা। তারা ঝুঁকিতে আছে।
তিনি বলেন, সরকারকে প্রার্থীসহ জুলাই অভ্যুত্থানেরে নেতাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শহিদ ওসমান হাদির মতো অবস্থা যাতে আারও কারো না হয়।
গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন।
এদিকে ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, এই আসনে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার। তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল। গুরুত্বপূর্ণ পদ নিয়ে এনসিপিতে যোগ দেবেন, গণঅধিকার পরিষদে যোগ দিয়ে বিএনপি জোটের প্রার্থী হবেন, আসিফকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে এমন নানা গুঞ্জন থাকলেও গত ১২ ডিসেম্বর তিনি জানান, কোনো দল থেকে নয়, এই নির্বাচনে স্বতন্ত্র হিসেবে লড়বেন তিনি।









