দীর্ঘদিন ধরে জিমেইল ঠিকানাকে ব্যবহারকারীর স্থায়ী ডিজিটাল পরিচয় হিসেবে ধরা হতো। একবার যে নাম দিয়ে ই-মেইল খোলা হয়েছে, তা আর পরিবর্তন করা যেত না। তবে এবার সে নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
টেক জায়ান্টটি জানিয়েছে, একটি নতুন সুবিধা চালু করার পরিকল্পনা করা হচ্ছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ‘@gmail.com’ দিয়ে শেষ হওয়া ই-মেইল ঠিকানাও পরিবর্তন করতে পারবেন। এর আগে কেবল তৃতীয় পক্ষের ই-মেইল দিয়ে খোলা অ্যাকাউন্টের ক্ষেত্রে ঠিকানা পরিবর্তনের সুযোগ ছিল। জিমেইল ব্যবহারকারীদের জন্য সুযোগটি নতুন।
নতুন এ ব্যবস্থায় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন জিমেইল ঠিকানা বেছে নিতে পারবেন। বিশেষ করে যারা অনানুষ্ঠানিক নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন, তাদের জন্য এটি খুবই উপকারী হবে। পেশাগত বা ব্যক্তিগত কারণে অনেক ব্যবহারকারী দীর্ঘদিন ধরে ই-মেইল ঠিকানা পরিবর্তনের সুযোগের অপেক্ষায় ছিলেন।
গুগল আরো জানিয়েছে, নতুন ঠিকানা নেয়ার পর পুরনো জিমেইল ঠিকানাটি ‘এলিয়াস’ হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ ব্যবহারকারীরা পুরনো ও নতুন দুই ঠিকানায় গুগলের সেবাগুলোয় সাইন ইন করতে পারবেন। একই সঙ্গে পুরনো ঠিকানায় পাঠানো মেইলও আগের মতোই ইনবক্সে পৌঁছবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ই-মেইল ঠিকানা পরিবর্তনের ফলে ব্যবহারকারীর কোনো তথ্য ক্ষতিগ্রস্ত হবে না। পুরনো ঠিকানার সঙ্গে যুক্ত ছবি, ই-মেইল, বার্তা কিংবা অন্যান্য ডাটা আগের মতোই সংরক্ষিত থাকবে। এতে ব্যবহারকারীদের জন্য পরিবর্তনের প্রক্রিয়াটি সহজ ও নিরাপদ হবে বলে মনে করা হচ্ছে।
এ সুবিধা এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে, ধাপে ধাপে এটি চালু করা হবে এবং ২০২৬ সাল থেকে আরো বেশি ব্যবহারকারী এ সুযোগ পেতে পারেন। তবে এ বিষয়ে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক সময়সূচি ঘোষণা করেনি।
বিশেষজ্ঞদের মতে, এ পরিবর্তন জিমেইলের ইতিহাসে একটি বড় সিদ্ধান্ত। এতে নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন কমবে এবং ব্যবহারকারীরা সহজেই নিজেদের ডিজিটাল পরিচয় হালনাগাদ করতে পারবেন।









