রবিবার | ২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩

জামিন প্রক্রিয়া সহজ করতে ৮ জেলায় ই-বেইলবন্ড উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষে দ্বিতীয় ধাপে একযোগে ৮টি জেলায় ই-বেইলবন্ড সেবা উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ সেবার উদ্বোধন করেন। মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় আজ এ সেবা চালু করা হয়েছে।

প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় ই-বেইলবন্ড সেবা চালু করা হয়। নারায়ণগঞ্জের কার্যক্রম সফলভাবে চলমান থাকায় নতুন করে আরো ৮টি জেলায় এ সেবা সম্প্রসারণ করা হলো। জানা গেছে, ই-বেইলবন্ড চালুর মাধ্যমে একজন বন্দিকে খুব দ্রুত মুক্তি দেয়া সম্ভব হচ্ছে। অনলাইনে বেইলবন্ড দেয়ায় আসামিকে এক ঘণ্টায় মুক্তি দেয়া সম্ভব হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আগে জামিন পেতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হতো। বেইল যথাসময়ে কারাগারে না পৌঁছানোয় জেল থেকে বিচারপ্রার্থীর মুক্ত হতে সময় লাগে, অর্থ অপচয় হয়, ভোগান্তিও বাড়ে। ই-বেইলবন্ডের কারণে সে সময় এখন কমে আসবে। অনলাইনে এ প্রক্রিয়া চালু হওয়ায় কে, কখন স্বাক্ষর করলেন তার পূর্ণাঙ্গ রেকর্ড সংরক্ষিত থাকবে। ফলে ইচ্ছাকৃতভাবে এ প্রক্রিয়া বিলম্বিত করার সুযোগ থাকবে না।

তিনি আশা প্রকাশ করেন, ধাপে ধাপে দেশের ৬৪টি জেলায় ই-বেইলবন্ড সেবা চালু করা হবে। এ যুগান্তকারী পদক্ষেপ বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে বলে তিনি মত প্রকাশ করেন।

পরবর্তী সরকার ই–বেইলবন্ড ব্যবস্থা চালু রাখবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি অত্যাবশ্যক সেবা। পরবর্তী যে সরকারই আসুক, তারা এ ব্যবস্থায় বাধা দেবে বলে আমরা বিশ্বাস করি না।

ভার্চুয়াল এ অনুষ্ঠানের সচিবালয় প্রান্তে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এস. এম. এরশাদুল আলম ও মো. খাদেম উল কায়েস, যুগ্ম সচিব রুহুল আমীন ও এম. এ. আউয়ালসহ আইন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অপর প্রান্তে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, সংশ্লিষ্ট ৮টি জেলার বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, পুলিশ ও কারা অধিদপ্তরের কর্মকর্তারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD