চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে আজাদ (৩০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আজাদ নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। পরিবার জানিয়েছে, তিনি পেশায় একজন কৃষক।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আজাদ ঘটনার বর্ণনা দিয়ে জানান, তিনি নিজের আমবাগান দেখতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় কয়েকজন লোককে দৌঁড়ে পালাতে দেখেন। বাগান দেখে ফেরার পথে হঠাৎ বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে তিনি আহত হন। তার ধারণা, অন্যদের ধাওয়া করতে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।
এদিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে মাদক আনার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা ছররা গুলি ছোড়ে, এতে একজন আহত হন। পুরো ঘটনা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সীমান্তে গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় জানান, আজাদের হাত ও পিঠে অসংখ্য ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এগুলো ছররা গুলির আঘাত বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।









