চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নুরুল আলম (৪৫) নামে ওই নেতাকে আগের দিন সাতকানিয়া উপজেলা থেকে গ্রেফতার করেছিল গোয়েন্দা (ডিবি) পুলিশ।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২৪ জুন) সকালে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করলে নুরুল আলমকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, সাতকানিয়া থানার একটি মামলায় মঙ্গলবার সন্ধ্যায় নুরুল আলমকে কারাগারে আনা হয়। বুধবার সকালে তিনি শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং বুকে ব্যথা অনুভব করছেন বলে জানান।
ইকবাল হোসেন বলেন, ‘তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
নুরুল আলমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে। তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। তবে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকায় তার ব্যবসা ছিল।









