প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং ‘ফোর্সেস গোল’ অর্জনের লক্ষ্যে জাপানের প্রযুক্তিগত সহায়তার বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
উভয় পক্ষ দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে প্রশিক্ষণ, নিয়মিত সামরিক প্রতিনিধি দলের সফর এবং পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নের বিষয়ে একমত পোষণ করেন। এ ছাড়া আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকগুলো নিয়েও আলোচনা হয়।
এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত ও পারস্পরিক সহযোগিতাকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।









