রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা মাঠে এক কৃষকের ফসলের ওপর আবারও দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। দুই থেকে তিন মাস আগে একই কৃষকের পেঁয়াজ ক্ষেত কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাতের আঁধারে তার পাটক্ষেত ভেঙে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষক বাবলু জানান, আগের ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হন। পরে একই জমিতে নতুন করে পাটের আবাদ করেন। কিন্তু দুর্বৃত্তরা রাতের আঁধারে তার প্রায় পুরো পাটক্ষেত ভেঙে দিয়ে যায়। এতে তিনি আবারও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, জমির প্রায় পুরো পাটক্ষেতই ভেঙে মাটিতে লুটিয়ে রয়েছে। এমন ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, বিষয়টি জানতে পেরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ ক্ষতিগ্রস্ত কৃষকের খোঁজখবর নেন এবং তার নির্দেশনায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কৃষকের পাশে দাঁড়ান।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম। এ সময় পাংশা উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল এবং মাছপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, “কৃষকের ঘাম ঝরানো ফসল নষ্ট করে যারা সাধারণ মানুষের ক্ষতি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। কৃষকের কান্না আমরা উপেক্ষা করব না, অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত কৃষকের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।









