রাজবাড়ীতে ক্রয়কৃত জমি দখল, দফায় দফায় হামলা, বাড়ি ভাঙচুর ও প্রতারণার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা মোঃ রাকিবুল হাসান নামে এক ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৩ ও ২০২৪ সালে বৈধ দলিলের মাধ্যমে জমি ক্রয় করে তিনি নামজারি সম্পন্ন করেন এবং নিজের জমিতে বাড়ি নির্মাণ শুরু করেন। তবে স্থানীয় ফিরোজ নামের এক ব্যক্তির সাথে ২ শতাংশ জমি ক্রয়ের জন্য ৫ লক্ষ টাকার বায়না চুক্তি করলেও, ফিরোজ সেই জমি রেজিস্ট্রি না করে প্রতারণামূলকভাবে ‘পলাশ পাম্প’-এর মালিক আকতারুজ্জামানের কাছে বিক্রি করে দেন। এই প্রতারণা ও অধিকার রক্ষার দাবিতে ভুক্তভোগী রাকিবুল হাসান বিজ্ঞ আদালতে সি.আর. মামলা (নং-১৩৯/২৫) এবং এম.পি. মামলা (নং-৯৯৮/২৫) দায়ের করেছেন।
ভুক্তভোগী রাকিবুল হাসান অভিযোগ করেন, আদালতের আশ্রয় নেওয়ার পর থেকেই ‘পলাশ পাম্পের’ মালিক আক্তারুজ্জামান খান এবং তার ম্যানেজার লোকমান হোসেনের ইন্ধনে ফিরোজ আহম্মেদ ও তার সহযোগীরা তাদের ওপর অমানুষিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ জুন সকালে ফিরোজ ও মিরাজ নামের দুই ভাই দলবল ও হাতুড়ি নিয়ে রাকিবুল হাসানের বাড়ির বাউন্ডারি দেয়াল ভাঙচুর করে এবং বাধা দেওয়ায় তাকে ও তার স্ত্রী তৃনা আক্তারকে মারধর করে, যা বাড়ির সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। এছাড়া গত ১১ জুলাই গভীর রাতে একদল মুখ ঢাকা দুর্বৃত্ত ঘরে প্রবেশের চেষ্টা চালায় এবং ব্যর্থ হয়ে সীমানা প্রাচীরের একটি বড় অংশ ভেঙে পালিয়ে যায়। পরপর ঘটা এসব সন্ত্রাসী হামলায় রাকিবুল হাসানের তিনটি ছোট শিশুসহ পুরো পরিবার চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
সংবাদ সম্মেলনে সিসিটিভি ফুটেজসহ সমস্ত আলামত পর্যালোচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।









