মঙ্গলবার | ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩

পঞ্চগড়

পঞ্চগড়ে ১০ বছরের সিনিয়রকে উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ, এলাকায় ক্ষোভ, ডিসি বরাবর অভিযোগ দায়ের

আজাহারুল ইসলাম আজাহার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের জ্যেষ্ঠতার তালিকায় প্রথম অবস্থানে থাকা শিক্ষককে দায়িত্ব না দিয়ে তুলনামূলক কনিষ্ঠ শিক্ষক জিল্লুর হোসেন সরকারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জ্যেষ্ঠতা উপেক্ষা, প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন বঞ্চিত শিক্ষক দারাজুল হক। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।

গত ২৮ অক্টোবর জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগে দারাজুল হক উল্লেখ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদানের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা ও শিক্ষকদের জ্যেষ্ঠতা অনুসরণের কথা থাকলেও তা করা হয়নি। বিদ্যালয়ের জ্যেষ্ঠতার তালিকায় প্রথম অবস্থানে থাকা সত্ত্বেও তাঁকে বাদ দিয়ে অন্য শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযোগের সঙ্গে সংযুক্ত শিক্ষকদের যোগদানের তারিখ ও জ্যেষ্ঠতার তালিকা পর্যালোচনায় দেখা যায়, দারাজুল হক ১৯৯৩ সালের ৭ জানুয়ারি বিদ্যালয়ে যোগদান করেন। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জিল্লুর হোসেন সরকারসহ তালিকাভুক্ত কয়েকজন শিক্ষক ১৯৯৯ ও ২০০২ সালে বিদ্যালয়ে যোগদান করেন। সে হিসাবে যোগদানের তারিখের বিচারে দারাজুল হক তাঁদের চেয়ে প্রায় ৭ থেকে ৯ বছর আগে বিদ্যালয়ে যোগদান করেছেন। এ অবস্থায় জ্যেষ্ঠতার তালিকায় তাঁর অবস্থান ও দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

দারাজুল হকের অভিযোগ, তাঁকে পাশ কাটিয়ে জিল্লুর হোসেন সরকারকে দায়িত্ব দেওয়ার পেছনে আর্থিক প্রভাব কাজ করেছে। তাঁর দাবি, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অর্থ লেনদেনের অভিযোগের পক্ষে এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগপত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের দাবি জানানো হয়েছে। তাঁর মতে, জ্যেষ্ঠতা, যোগ্যতা ও প্রযোজ্য বিধিবিধান বিবেচনায় না নিয়ে দায়িত্ব দেওয়া হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।

অভিযোগকারী দারাজুল হক বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অবসরজনিত কারণে শেষ কর্মদিবসে বিদ্যালয়ের সব শিক্ষককে ডেকে দায়িত্ব হস্তান্তরের বিষয়ে আলোচনা করা হয়। তখন সবাই নীতিমালা অনুসরণ করে দায়িত্ব দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সেই প্রক্রিয়া অনুসরণ না করে উপজেলা কৃষক লীগের সহসভাপতি জিল্লুর হোসেন সরকারকে দায়িত্ব দেওয়া হয়। এতে জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও এখন পর্যন্ত কোনো সুরাহা পাননি বলে দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে সদ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়া জিল্লুর হোসেন সরকার বলেন, মাধ্যমিক শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের পরিবেশ ও সার্বিক স্বার্থ বিবেচনা করে ম্যানেজিং কমিটি তাঁকে এ দায়িত্ব দিয়েছে। অর্থ লেনদেনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘টাকা দিয়ে কেন প্রধান শিক্ষকের দায়িত্ব নেব, এমন প্রশ্নই আসে না।’

উপজেলা কৃষক লীগের সহসভাপতি পদে থাকার বিষয়ে তিনি জানান, ছাত্রজীবনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ১৯৯৯ সালে সাংবাদিকতা পেশায় আসেন। কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান গোলাপ তাঁর ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় কমিটিতে তাঁর নাম রাখা হয়েছিল। বিষয়টি জানার পর তিনি নাম বাদ দেওয়ার অনুরোধ করেন বলেও দাবি করেন।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি একেএম ফজলুল করিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে ফোনে কথা বলতে রাজি হননি। পরদিন নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পঞ্চগড়ে এসে কথা বলবেন বলে জানিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

দায়িত্বপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “নীতিমালা অনুযায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে গেলে জ্যেষ্ঠতার ভিত্তিতে তালিকার এক নম্বরে থাকা জ্যেষ্ঠতম শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার কথা। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ম্যানেজিং কমিটির রয়েছে। কিন্তু কমিটি জ্যেষ্ঠতার তালিকায় এক নম্বরে থাকা শিক্ষককে দায়িত্ব না দিয়ে পাঁচ নম্বরে থাকা শিক্ষককে দায়িত্ব দিয়েছে। এ বিষয়ে আমার কাছে পরামর্শ চাওয়া হলে আমি বিষয়টি নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মতামত দিতাম।

এ বিষয়ে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন মুঠোফোনে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। অভিযোগ পত্রটি দেখলে এ বিষয়ে বলতে পারব।

সব মিলিয়ে তোড়িয়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে জ্যেষ্ঠতার তালিকায় প্রথম অবস্থানে থাকা শিক্ষককে বাদ দেওয়ার কারণ, দায়িত্ব প্রদানের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির অনুসৃত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নীতিমালার যথাযথ প্রয়োগ হয়েছে কি না, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাইয়ে দায়িত্ব প্রদানের আদেশ, সভার কার্যবিবরণী, জ্যেষ্ঠতার তালিকা ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে নিরপেক্ষ প্রশাসনিক তদন্তের দাবি উঠেছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্ব নির্ধারণে স্বচ্ছতা, বিধিবিধান ও যোগ্যতার যথাযথ প্রতিফলন নিশ্চিত করাই এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD