তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলি আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে সেনাপ্রধানসহ বিমানটির সব আরোহী প্রাণ হারিয়েছেন। খবর আল জাজিরা।
সেনাপ্রধানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দেইবা। প্রতিনিধিদলটি দেশে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় বলে জানান তিনি। নিহতদের মধ্যে লিবিয়ার চারজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য রয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের কর্মকর্তারা দুর্ঘটনার পেছনে নাশকতার কোনো আলামত পাননি। প্রাথমিক তদন্তে তারা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণেই সম্ভবত বিমানটি বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনায় নিহত অন্য চার কর্মকর্তা হলেন লিবিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল আল-ফিতুরি ঘারিবিল, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাউই, সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাওয়ি দিয়াব এবং আলোকচিত্রী মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।
উল্লেখ্য, ২০২০ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজ আল-হাদ্দাদকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন।









