বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ২৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৪টি, সংশোধিত প্রকল্প ৬টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৫টি।

রোববার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

 

সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

আজকের সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় রাঙ্গামাটি (মানিকছড়ি)-মহালছড়ি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং মুন্সীগঞ্জ সড়ক বিভাগাধীন কয়েকটি আঞ্চলিক ও জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন পায়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তিবৃদ্ধিকরণ এবং পারকিতে পর্যটন সুবিধা সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্যানিটেশনে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ-পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও হাইওয়ে পুলিশের অবকাঠামো নির্মাণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয় নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের দোহাজারী হয়ে রামু হয়ে কক্সবাজার এবং মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের সংশোধন অনুমোদিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প অনুমোদন পায়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সিলেট টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের সংশোধন অনুমোদিত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা প্রদান প্রকল্প অনুমোদন করা হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় উত্তরাঞ্চলের জনগণের জন্য এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল স্থাপন এবং স্বাস্থ্য ও পুষ্টি সেবা উন্নয়ন ও স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প অনুমোদিত হয়। কৃষি মন্ত্রণালয়ের আশুগঞ্জ–পলাশ সবুজ প্রকল্প এবং ক্ষুদ্র কৃষকদের কৃষি প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের সংশোধন অনুমোদন পায়। পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদী ব্যবস্থাপনা, মহানন্দা ও পদ্মা নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ, তেঁতুলিয়া ও পদ্মা নদীর ভাঙন রোধ এবং আড়িয়াল বিল এলাকার সমন্বিত পানি ও ভূমি ব্যবস্থাপনা প্রকল্প অনুমোদিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনও অনুমোদন করা হয়।

সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করা হয়। একই সঙ্গে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা’ নামকরণ করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD