মাগুরায় মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন সৌদি আরব প্রবাসী মহিউদ্দিন (৪৫) নামে এক যুবক।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় তিনি ঢাকার আব্দুল্লাহপুর থেকে সোহাগ পরিবহনের একটি বাসে করে মাগুরায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মহিউদ্দিন ঝিনাইদহ সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের মৃত জাহার মণ্ডলের ছেলে।
জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) রাতে প্রায় ১৭ মাস পর সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মহিউদ্দিন। পরে রাতে ঢাকায় আত্মীয়ের বাসায় অবস্থান করেন। রোববার সকালে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে মাগুরাগামী বাসে ওঠেন তিনি।
ভুক্তভোগীর স্ত্রী সুমি জামান জানান, বাসে ওঠার আগেই অজ্ঞাত এক ব্যক্তি তার স্বামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ শুরু করে। পরে একই বাসে পাশাপাশি আসনে বসে যাত্রা করে। পথিমধ্যে কৌশলে ওই ব্যক্তি মহিউদ্দিনকে অচেতন করে তার সঙ্গে থাকা এক লক্ষ নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে বাস থেকে নেমে যায়।
পরে বাসচালক ও হেলপার তাকে বিকাল তিনটায় অচেতন অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বাসে চলাচলের সময় যাত্রীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মলম পার্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।









