বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩

রমজানে সুলভ মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে ইতিহাস তৈরির আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড়

পবিত্র রমজান উপলক্ষে পঞ্চগড় এ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাজার নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসে তেল, চাল, ছোলা, মুরগি, গরু ও খাসির মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে বিক্রির মাধ্যমে ব্যবসায়ীরা একটি ইতিবাচক ইতিহাস সৃষ্টি করতে পারেন। তিনি পঞ্চগড় বণিক সমিতি ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-কে প্রয়োজন হলে নিজস্ব বিনিয়োগের মাধ্যমে কম দামে পণ্য বিক্রির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে ঢাকার বিভিন্ন বাজারে যেখানে সাড়ে ৮০০ টাকার গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে পঞ্চগড়েও ৬০০ কিংবা ৫৫০ টাকায় গরুর মাংস সরবরাহের উদ্যোগ নেওয়া সম্ভব। তিনি এ বিষয়ে নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন হলে নিজেও সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, ১৮ বিজিবির অধিনায়ক, জেলার পাঁচটি থানার অফিসার ইনচার্জবৃন্দ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কচ্চু, পঞ্চগড় আদালতের পিপি আদম সুফি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়াও সভায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর প্রতিনিধি ও পঞ্চগড় বণিক সমিতি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং রমজানে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।
সভায় রমজান মাসে বাজার স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ, ভেজালবিরোধী অভিযান জোরদার এবং জনদুর্ভোগ কমাতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD