মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঈদে নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি: র‍্যাব ডিজি

স্টাফ রিপোর্টার

কোরবানির ঈদ সামনে রেখে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার সুনির্দিষ্ট হুমকি পায়নি বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

মঙ্গলবার জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি ঈদগাহের নিরাপত্তা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

র‍্যাব ডিজি বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে র‍্যাব। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনার পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আহসান হাবীব পলাশ জানান, ঈদ উপলক্ষে র‍্যাবের সব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় জোরদার টহল পরিচালনা করছে। প্রধান প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। রাজধানীসহ বিভিন্ন স্থানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন ও তল্লাশি চালানো হচ্ছে।

র‍্যাব জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে কালোবাজারি, অবৈধ মজুত, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল ও নকল পণ্য বাজারজাত ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এছাড়া ঈদ উপলক্ষে র‍্যাবের অনলাইন মনিটরিং কার্যক্রমও সার্বক্ষণিক চালু থাকবে। ছুটির সময় রাজধানী ও বড় শহরগুলোতে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়তে পারে উল্লেখ করে বাহিনীটি জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন নিরাপত্তাচৌকি ও টহল বাড়ানো হয়েছে।

ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD