ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর পুলিশ ক্যাম্প থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক ওয়ারেন্টভুক্ত আসামিকে প্রায় ১০ ঘণ্টা অভিযান চালিয়ে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ফরিদ হোসেন (২৮) উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি কোটচাঁদপুর থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে সাবদারপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় বাজারসংলগ্ন একটি বিদ্যালয়ের পেছন থেকে ফরিদ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে সাবদারপুর পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।
পুলিশের দাবি, রাতে সুযোগ বুঝে ফরিদ হাতকড়াসহ ক্যাম্প থেকে পালিয়ে যান। বিষয়টি জানার পরই তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ।
এ বিষয়ে বক্তব্য জানতে এএসআই আব্দুল কুদ্দুসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। শনিবার ভোরে উপজেলার ধোপাবেলা গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, পুনরায় গ্রেফতারের পর ফরিদ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









