গোপালগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯জুলাই) গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, গোপালগঞ্জের জেলা কার্যালয়ের উপপরিচালক রাম প্রসাদ মণ্ডল।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা শুরু করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী বিভিন্ন উপজেলা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে ব্যাগ ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা।









