গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ দুই যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে টুঙ্গিপাড়া বাজার ও খালেকের বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—চর গোপালপুর গ্রামের কালাম সিকদারের ছেলে সজিব শেখ (৩৫) এবং চর কুশলী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে শামিম শেখ (১৯)।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া বাজার এলাকায় অভিযান চালান টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল। সেখানে সজিব শেখকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সজিবকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন; জরিমানা অনাদায়ে আরও এক দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
পরবর্তীতে রাত ১০টার দিকে খালেকের বাজার এলাকায় দ্বিতীয় অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে শামিম শেখকে ইয়াবাসহ আটক করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত এক দিনের কারাদণ্ড প্রদান করেন।
অভিযানকালে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়োব আলী সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়ে ওসি মো. আইয়োব আলী বলেন, সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম জানান, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এই অভিযান শুরু হয়েছে এবং সামনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।









