লক্ষ্মীপুর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে প্রায় ১ কিলোমিটার খাল দখল করা অবৈধ স্থাপনা পুনরুদ্ধারে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। অভিযানে ৬১ টি দোকান, ২ টি ব্রিজ এক্সকাভেটর দিয়ে ভেঙ্গে ফেলা হয়। এতে পাউবোর আনুমানিক ৩ কোটি টাকার সম্পত্তি দখল মুক্ত করা হয়।
মঙ্গলবার (৯ জুন) সকালে অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার ও পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল।

এর আগে গত ৭ই জুন অবৈধ দখলদারদের জরুরী নোটিশ দিলে দখলদাররা সঙ্গে সঙ্গে তাদের মালামাল সরিয়ে ফেলে এরপর আজ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, পানি উন্নয়ন বোর্ডের খালের উপর কতিপয় কিছো দোকান ছিলো। পানি উন্নয়ন বোর্ডের চাহিদা ক্রমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড পরবর্তীতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করার পরে এ জায়গায় রক্ষণাবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল বলেন লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামানের নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তির উপর যারাই অবৈধ স্থাপনা করেছেন ইতিমধ্যে তাদের তালিকা করা হয়েছে। একে একে সকল স্থাপনায় অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হবে। স্থানীয় বাসিন্দারা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেন এবং পানি চলাচলে স্বাভাবিকতা ফিরবে বলে আশা জানান। অভিযানে রায়পুর থানা পুলিশ, পাউবো ও ভূমি কর্মকর্তা ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপস্থিত ছিলেন।









