ঈদের দিন বিকাল ৪টার মধ্যে যশোর পৌর এলাকার কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ঈদুল আজহা উপলক্ষে যশোর পৌর এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা দ্রুত ও পরিকল্পিতভাবে অপসারণের লক্ষ্যে বুধবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় ঈদুল আযহার দিন এবং পরবর্তী সময়ে শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে নানামুখী উদ্যোগ ও পরিকল্পনা নেওয়া হয়। সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ঈদুল আজহার আনন্দ উদযাপনের পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন রাখা সবার নাগরিক দায়িত্ব। দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করে নাগরিকদের একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে হবে।
তিনি আরও বলেন, ঈদের দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে পুরো যশোর শহরের কোরবানির সমস্ত বর্জ্য অপসারণ করতে হবে। বিকেল ৪টার পর শহরের কোথাও কোনো ময়লা-আবর্জনা থাকতে পারবে না।
এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের উৎসাহিত করতে মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যক্তিগতভাবে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমের বার্তাটি ইমাম পরিষদের মাধ্যমে ঈদের দিন প্রতিটি ঈদগাহ ও মসজিদের খুতবায় যেন প্রচার হয়, সেই বিষয়েও নির্দেশনা দেন।
পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। অন্যান্যের মধ্যে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম তুহিন, হিসাবরক্ষণ কর্মকর্তা রবীন্দ্রনাথ রাহা, মোহাম্মদ হান্নান, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী কাক্কু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।









