তরুণ প্রজন্মের উঠতি মডেল – অভিনেত্রী চাঁদনী শেখ। শোবিজ ক্যারিয়ারে একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে নিজেকে আগামীর তারকা হিসেবে জানান দিচ্ছেন। মূলত ছোট পর্দা ঘিরেই তার সব ব্যস্ততা হলেও চলচ্চিত্রেও নিজ প্রতিভার দ্যুতি ছড়াতে শুরু করেছেন এই গ্ল্যামার গার্ল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ‘যাযাবর’ নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করলেন। তানভীর হাসান পরিচালিত এই ছবিতে চাঁদনী পর্দাসঙ্গী হিসেবে পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মডেল – অভিনেতা ও চিত্রতারকা সজলকে। এই ছবিটির শুটিং শেষ করে এসেই প্রধান নায়িকা হিসেবে ‘ফিল্টার’ নামের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। সাইমন তারিকের পরিচালনায় ১৬ অক্টোবর থেকে নেত্রকোনায় ছবিটির শুটিং শুরু হচ্ছে। ছবিতে চাঁদনী’র নায়ক ওমর মালিক। অন্যদিকে, আসন্ন পূজায় ১৬ অক্টোবর চাঁদনী অভিনীত ‘চিরকুট’ ছবিটি মুক্তি পাচ্ছে। মুনতাসির আকিব পরিচালিত এই ছবিতে তার নায়ক শ্যামল মাওলা।
খুলনার মেয়ে চাঁদনী জানিয়েছেন, বর্তমানে তার পুরো ধ্যান – জ্ঞান অভিনয়কে ঘিরেই। ছোট পর্দায় নাটকে অভিনয় দিয়ে এই অভিনেত্রীর শোবিজ যাত্রা শুরু হয়েছিল। আর নাটকে অভিনয়ের মাধ্যমেই অভিনেত্রী হিসেবে নিজের অবস্থানটা মিডিয়ায় পাকাপোক্ত করে নিয়েছেন। সুন্দরী তরুণী চাঁদনী বলেন, মা – বাবার আগ্রহে ছোটবেলা থেকে অভিনয় ও নাচের চর্চাসহ সংস্কৃতির নানা শাখার সঙ্গে সম্পৃক্ততা ছিল আমার। তবে অভিনয়ের প্রতি ছিল আলাদা রকমের দুর্বলতা। প্রথমবার আমি হাসান জাহাঙ্গীর পরিচালিত বৈশাখী টিভির মেগা সিরিয়াল ‘ফ্যামিলি ডিস্টেন্স’ এ অভিনয়ের প্রস্তাব পান। নির্মাতা হাসান জাহাঙ্গীর পূর্ব পরিচিত হওয়ায় ওই নাটকে অভিনয়ে রাজি হয়ে যান। ওই নাটকটি দিয়ে আমি খুব দ্রুতই আলোচনায় চলে আসি।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, অভিনয়ের প্রতি দুর্বলতা ছিল। তাই নাটকটিতে অভিনয় করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। আবার অভিনয়ে ভালো করার ক্ষেত্রে নিজের একটা আত্মবিশ্বাস ছিল যে, আমি পারবো। সেই আত্মবিশ্বাস থেকেই আমার শোবিজে পথচলা শুরু, এখন সেটা পুরোদমে চলছে।
চাঁদনী জানান, এরপর তিনি অনেকগুলো মেগা সিরিয়ালে কাজ করেছেন। এন্ট্রি হিরো, হাতকড়া, পালাকার, অক্টোপাস, গেম নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। এর বাইরে সম্প্রতি অভিনয় করেছেন চিরকুমারী সংঘ নাটকের।
এছাড়াও তিনি একক নাটক আবু বাবু, শাশুড়ি ভক্ত জামাই, প্রবাসীর আহাজারি, লাট সাহবের মেয়ে, দুষ্টু ছেলের দল, স্বামী আমার দামি, বিয়ের দাবি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার চলছে চাঁদনী অভিনীত মেগা ধারাবাহিক নাটক জল জ্যোৎস্না, ম্যানেজ মাস্টার, তবুও জীবন, অচেনা আপনজন, বেগম পাড়া প্রচার চলছে। আর সম্প্রতি প্রচারিত হয়েছে একক নাটক সুন্দরী বউ, জাহান ভিলা, ট্যালেন্টেড কামাল, দুই নাম্বার বউ, সচেতন ক্লাব, সামার ভ্যাকেশন,বাইচা থাইকা লাভ কী, দারোগা জামাই ইত্যাদি।
এছাড়াও ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বেশকিছু মিউজিক্যাল ফিল্মেও কাজ করেছেন। এছাড়াও কোকোলা ব্র্যান্ড এর টিভিসি ওভিসি, টু ইন ওয়ান গ্যাস স্টোভ, কোয়ালিটি গ্রুপের ফ্রোজেন ফুডের টিভিসিসহ অনেক টিভিসি, ওভিসি ও সরকারি ডকুমেন্টারিতে কাজ করেছেন ইয়াং ট্যালেন্টেড উঠতি তারকা চাঁদনী। অন্যদিকে, তিনি ইতিপূর্বে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ছায়া’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বিনোদনের বৃহৎ মাধ্যম চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।
নিজের বর্তমান ব্যস্ততা ও কাজ প্রসঙ্গে চাঁদনী বলেন, প্রতিদিনই নাটক তৈরি হচ্ছে। পুরোনোদের দলে নতুন নতুন শিল্পী যোগ হচ্ছে। ভালো মানসম্পন্ন কাজ করার মধ্য দিয়েই টিকে থাকতে হবে এখানে। আর আমি সেই চেষ্টাই করে যাচ্ছি এখন। আমার পরিকল্পনা রয়েছে একই সঙ্গে নাটক ও চলচ্চিত্র মাধ্যমে অভিনয় করে নিজেকে একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা। বলতে পারেন অভিনেত্রী হিসেবে নাটক এবং চলচ্চিত্র – দু’টি মাধ্যমই আমার কাছে সমান গুরুত্ব পাবে।









