পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিয়াজুল ইসলাম শুভ (২৮) নামে এক ছাত্রদল নেতার উপর হামলা চালিয়ে তার দুই হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শিয়ালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিয়াজুল ইসলাম শুভ ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, শুভর পিতা আব্দুল খালেক হাওলাদার নিজ জমির আগাছা পরিষ্কার করে সীমানার মধ্যে তা রেখে দেন। এ নিয়ে প্রতিবেশী মিলন শিয়ালী এবং তার দুই ছেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালীর সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিলন শিয়ালী ও তার ছেলেরা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে আব্দুল খালেকের ওপর হামলা চালায়। বাবার চিৎকার শুনে শুভ এগিয়ে গেলে সাগর ও শাকিল লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে, এতে তার দুই হাত ভেঙে যায়। স্থানীয়রা শুভ ও তার বাবাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। আহত শুভ গণমাধ্যমকে বলেন, “আমার বাবা জমির আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় বিনা উসকানিতে মিলন শিয়ালী ও তার ছেলে সাগর-শাকিল তাকে মারধর করে। আমি এগিয়ে গেলে তারা লোহার রড দিয়ে আমার দুই হাত ভেঙে দেয়।” এ বিষয়ে অভিযুক্ত সাগর ও শাকিল শিয়ালীর মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”









