রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকা। এই গ্রামের মধ্যে শুধুমাত্র চলাচলের জন্য একটি রাস্তা রয়েছে যে রাস্তাটি কালুখালি উপজেলা সংযোগ থেকে সূর্যদিয়া দাখিল মাদ্রাসা হয়ে সূর্যদিয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত সীমাবদ্ধ। এই রাস্তা দিয়ে আবার যাওয়া যায় সোনাপুর এবং মদাপুর বাজারে। এই গ্রামের জমিতে বছরে উৎপাদিত হয় তিনটি ফসল এবং এই গ্রামের সবজি উৎপাদন সমগ্র রাজবাড়ী জেলার অহংকার।
গ্রামের কয়েক হাজার মানুষ উৎপাদিত কাঁচা পণ্য নিয়ে এই রাস্তা দিয়ে যেতে পারে না কারণ রাস্তাটি ১৫ বছর আগে নির্মাণ করা হলেও ভেঙে-চুরে সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটির অবস্থা এমনই বেহাল যে একটি ভ্যানও এই রাস্তা দিয়ে চলতে পারে না। ফলশ্রুতিতে গ্রামের লোকজন অত্যন্ত কষ্ট করে মাথায় সবজির বোঝা বহন করে কালুখালী, সোনাপুর, চাঁদপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়, যা খুবই কষ্টসাধ্য। রাস্তাটির সংস্কার এবং পুনঃনির্মাণের জন্য কালুখালী উপজেলা ইঞ্জিনিয়ারকে অবহিত করা হয়েছে এবং সরেজমিনে পরিদর্শন করানো হয়েছে।
রাস্তাটি অবিলম্বে মেরামত অথবা পুনঃনির্মাণের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষভাবে অবহিত করা হয়েছে। গ্রামের সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে রাস্তাটি অতি দ্রুত সংস্কার অথবা পুনঃ নির্মাণ করা অত্যন্ত জরুরী বলে গ্রামবাসী তা বাস্তবায়নের জন্য দায়িত্বশীল কর্মকর্তাদেরকে অনুরোধ করেছেন।









