মঙ্গলবার | ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃত্যু ৫১

স্টাফ রিপোর্টার

টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা ভারী বৃষ্টিতে পার্বত্যাঞ্চলের পর এবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, ধানমন্ডি, পান্থপথ, কাকরাইল, শান্তিনগর, আরামবাগ, বসুন্ধরা আবাসিক এলাকা ও বনানীসহ বিভিন্ন স্থানে হাঁটুপানি জমে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩৯ জন। এর মধ্যে শুধু কক্সবাজারেই ভূমিধসে প্রাণ হারিয়েছেন ২৮ জন। বান্দরবানে সাতজন এবং চট্টগ্রামে ১৩ জনের মৃত্যু হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলায় বন্যায় ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ২ লাখ ৬৭ হাজার পরিবার এখনও পানিবন্দী এবং ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৪৪ হাজার ৪৫৭ জন।

বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর স্কুল অ্যান্ড কলেজ ও ওয়াইডব্লিউসিএ স্কুলসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে।

এদিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের শমসেরপাড়া এলাকায় রেললাইন এখনও পানির নিচে থাকায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দেশের অন্য সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কয়েকটি নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD