রাজধানীর খিলগাঁও এলাকায় তিন মাদককারির কাছ থেকে ১৩ কেজি গাঁজা জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টায় খিলগাঁও গভমেন্ট স্টাফ কোয়ার্টার মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- লিটন বেপারী, সাইমুম খান ও মো. মুঞ্জুর।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজধানীতে মাদক উদ্ধারের বিশেষ অভিযান চালিয়ে ডিবি-মতিঝিল বিভাগের টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি খিলগাঁও গভঃমেন্ট স্টাফ কোয়ার্টার মসজিদের বিপরীত পাশে মালিবাগ রেলগেটগামী রাস্তার যাত্রী ছাউনির সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে।
মাদকসহ তিন মাদক কারবারিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।









