বৃহস্পতিবার | ২৩ এপ্রিল, ২০২৬ | ১০ বৈশাখ, ১৪৩৩

জ্বালানি সমস্যা সমাধানে সরকার ও বিরোধীদল মিলে কমিটি গঠনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

জ্বালানি সমস্যা সমাধানের সুপারিশ তৈরিতে সরকার ও বিরোধীদল মিলে ১০ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটির প্রধান হচ্ছেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী এ কমিটি গঠনের প্রস্তাব দেন। একই সাথে তিনি তার দলের ৫ সদস্যের নামও প্রস্তাব করেন। বিরোধীদলীয় নেতাও এ কমিটিকে স্বাগত জানান। তিনি শিগগিরই বিরোধী দলের প্রতিনিধিদের প্রস্তাব সংসদে জানাবেন বলে উল্লেখ করেন।

বৃহস্পতিবার সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তির পর সংসদে ফ্লোর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী। এসময় তিনি বুধবারের জনগুরুত্বসম্পন্ন নোটিশের আলোচনার প্রসঙ্গ তোলেন।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতা যে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। বলেছেন উনাদের কাছে কিছু পরামর্শ আছে। সরকারিদল এবং বিরোধীদল আমরা একসাথে সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি। দেশ ও দেশের মানুষের স্বার্থে জাতীয়তাবাদী দল যেকোনো আলোচনা যে কারো সাথে করতে প্রস্তুত রয়েছে। তারই প্রেক্ষাপটে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করছি। বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলকে অনুরোধ করব উনারাও যদি পাঁচ জনের নাম দেন তাহলে এই ১০ জন ব্যক্তি বসে এ বিষয়গুলো আলোচনা করতে পারে। পরে প্রধানমন্ত্রী তার দলের ৫ সদস্যের নাম ঘোষণা করেন।

বিদ্যুৎমন্ত্রী ছাড়াও সরকারি দলের অন্য সদস্যরা হচ্ছেন- জ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ আশরাফ উদ্দিন নিজান, মঈনুল হোসেন খান শান্ত ও নুরুদ্দিন অপু। পরে বিরোধী দলীয় নেতা সংসদে উঠে কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে। আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাল্লাহ নাম প্রদান করব।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কমিটির একজন সভাপতি প্রয়োজন বলে উল্লেখ করেন। পরে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানিমন্ত্রী এ কমিটির সভাপতি হবেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD