বুধবার | ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩

আনসার-ভিডিপি

আনসার-ভিডিপির প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রায় মাইলফলক; প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও বৈদেশিক কর্মসংস্থান রিক্রুটিং লাইসেন্স প্রাপ্তি*

প্রেস বিজ্ঞপ্তি

২৮ অক্টোবর ২০২৬ (বুধবার):বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সক্ষমতা সরেজমিনে প্রত্যক্ষ, নবনির্মিত ‘প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র’, (PSTC) ,’প্রান্তিক ট্রাভেলস’,’আনসার ব্যাংকের বিদেশ গমন ঋণ ও শেয়ার’ ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম উদ্বোধন এবং বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-কে আনুষ্ঠানিকভাবে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, এমপি। আজ বুধবার গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ লাইসেন্স হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সকাল ১০টায় মাননীয় মন্ত্রী একাডেমিতে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত ব্রিফিং শেষে নবনির্মিত প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র (PSTC) এর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মাননীয় মন্ত্রী (PSTC)- এর ৬জি ওয়েল্ডিং কর্মশালা, আধুনিক ড্রাইভিং সিমুলেটর প্রদর্শনী, গ্রিন এনার্জি (সৌরবিদ্যুৎ) প্রশিক্ষণ এবং ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ বাস ঘুরে দেখেন। এরপর তিনি কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র, জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ও ল্যাঙ্গুয়েজ ল্যাব, আতিথেয়তা ও রন্ধনশিল্প (হসপিটালিটি অ্যান্ড কালিনারি) প্রশিক্ষণ কেন্দ্রসহ নির্মাণ ও অন্যান্য কারিগরি প্রশিক্ষণ শেড পরিদর্শন করেন। প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিক সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পদ্ধতি দেখে তিনি ভূয়সী প্রশংসা করেন। পরিদর্শন শেষে তিনি একাডেমি প্রাঙ্গণে দরবার হলের নিকট একটি স্মারক বৃক্ষরোপণ করেন।

পরবর্তীতে দুপুর সাড়ে ১২টায় একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লিকের মাধ্যমে যুগান্তকারী সেবা ‘প্রান্তিক ট্রাভেলস’ এবং স্মার্ট ‘ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম’ (Facial Attendance System)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে, আভি ওয়েলফেয়ার ট্রাষ্টের সমঝোতা চুক্তির অংশীদার তিনটি জাপানি কোম্পানির কর্নধারগণ বাহিনীর সদস্যদের দক্ষতা ও দ্বিপাক্ষিক সম্ভাবনার অংশীদারত্ব নিয়ে তাঁদের সন্তোষজনক মতামত তুলে ধরেন।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “বাহিনীর ৬০ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকীকরণ করা হয়েছে। জাপানের শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত রয়েছে।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক শ্রমবাজারে আস্থা অর্জনে দক্ষতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে বিএমইটির ১০৪টি টিটিসি ও আনসার-ভিডিপির তৃণমূল নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করতে পারে। নব উদ্বোধিত ডিজিটাল ডেটাবেজ বিএমইটির সঙ্গে যুক্ত হয়ে স্বচ্ছতা নিশ্চিত করবে। পাশাপাশি নিজস্ব সিআরএম (CRM) প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে কর্মরত সদস্যদের সার্বক্ষণিক সেবা ও নিরাপত্তা সহায়তা দেওয়া হবে।”

মাননীয় মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর যে বৃহৎ পরিকল্পনা তা বাস্তবায়নে আনসার ভিডিপির এই প্রশিক্ষণ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ অংশীদার হতে যাচ্ছে। আজকের রিক্রুটিং লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে আনসারের ভিডিপি তাদের কার্যক্রমকে আরো প্রাতিষ্ঠানিক, গতিশীল ও কার্যকর করে তুলতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

তিনি উল্লেখ করেন, আনসার ও ভিডিপি’র প্রশিক্ষণ প্রকল্পগুলো টিটিসির সাথে সমন্বিতভাবে পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে।আনসার -ভিডিপির এই প্রশিক্ষণ উদ্যোগের মাধ্যমে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে বিদেশে কর্মরত আমাদের সকল শ্রমিক দক্ষ। এক্ষেত্রে আমাদের বৈধ যে প্রক্রিয়াগুলো আছে তা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

‘প্রান্তিক শক্তি লিমিটেড’-কে সরকারি রিক্রুটিং লাইসেন্স প্রদান ও আধুনিক ‘প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ (PSTC) উদ্বোধনের মাধ্যমে আনসার-ভিডিপির সদস্যদের জন্য বৈধ ও নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হলো। আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী কারিগরি, প্রযুক্তিগত ও ভাষাগত প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরি, দালালচক্রের শোষণ রোধ এবং বিশ্ব শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সাথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সহজ শর্তের ‘প্রবাসী লোন’ এবং ‘প্রান্তিক ট্রাভেলস’ ও ফেসিয়াল অ্যাটেনডেন্সের মতো আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মের সংযোজন বিদেশগমনের ব্যয়ভার ও প্রক্রিয়াকে সাধারণের জন্য সহজ ও ঝুঁকিমুক্ত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে বাহিনীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে একাডেমি অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে এ আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর -১ মাননীয় সংসদ সদস্য মো মুজিবুর রহমান, সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মোঃ সাইফুল্লাহ রাসেল এবং আমন্ত্রিত অতিথিবর্গ।

 

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD