শুক্রবার | ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩

শেখ হাসিনা

নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরার প্রচারণায় মাইকিং, ইউনিয়ন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আটক

মেহেদী হাসান অন্তর, নওগাঁ

 নওগাঁর মান্দা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে অটোরিকশায় মাইকিং করে প্রচারণা চালানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ (৪৩) ও মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকার (৫০)।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়ন এলাকায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন।
ভিডিওতে মাইকিং করে দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। এ সময় দলমত নির্বিশেষে সবাইকে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ভিডিওটি নজরে আসার পর বৃহস্পতিবার রাতেই জেলা পুলিশ ও মান্দা থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ শুরু করে। রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি সড়কে ধারণ করা প্রায় ১৮ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে বৃহস্পতিবার রাতে মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা এ বিষয়ে জানতেন বলে স্বীকার করেছেন। মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মী বা সমর্থক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD