রাজবাড়ীর পাংশায় ধর্ষণচেষ্টার অভিযোগে প্রাণী চিকিৎসক জসীম শেখ (৪৮) ও ইমন মণ্ডল (২৩) এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উম্মে হাবিবা বৃষ্টি (২৯) নামে এক নারী। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে হয়রানি, জমি দখলের চেষ্টা ও ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী নারী।
অভিযুক্ত জসীম শেখ একই গ্রামের নজরুল শেখের ছেলে। তিনি পেশায় একজন প্রাণী চিকিৎসক। অপর অভিযুক্ত ইমন মণ্ডল দিনে মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে উম্মে হাবিবা বৃষ্টি বলেন, “আমার জীবনে দুঃখ-কষ্টের শেষ নেই। আমার বাবা দুর্বৃত্তদের হাতে গলা কেটে হত্যার শিকার হয়েছেন। মা-বাবা কেউই আজ বেঁচে নেই। যে দাদির আশ্রয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতাম, সেই দাদিও আমাকে একা রেখে চলে গেছেন। আজ আমি একজন অসহায় নারী। আমার পাশে দাঁড়ানোর মতো আপনজন বলতে কেউ নেই।”
বৃষ্টি অভিযোগ করে বলেন, বিয়ের রাত থেকেই প্রাণী চিকিৎসক জসীম শেখ তাঁকে বিভিন্নভাবে বিরক্ত করতেন এবং একাধিকবার অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। তাঁর এমন আচরণে অতিষ্ঠ হয়ে দাদি তাঁকে ফরিদপুরে পাঠিয়ে দেন। সেখানে থেকে তিনি লেখাপড়া করেন। দাদির মৃত্যুর পর নিজ বাড়িতে ফিরে এলে আবারও তাঁকে বিরক্ত করা শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, তাঁর দাদির বসতবাড়ির জমি দখলের চেষ্টা করছেন জসীম শেখ। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে এলাকার মানুষের কাছে বিচার চাইলেও অভিযুক্ত জসীম তাঁদের কথায় গুরুত্ব দেননি বলে দাবি বৃষ্টির।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে বৃষ্টি বলেন, “গত ৩০ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে জসীম ও ইমন আমার বাড়ির ভেতরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তাঁরা আমার পরনের জামা টেনে ছিঁড়ে ফেলেন। আমি চিৎকার করলে আমার মেয়ে দৌড়ে আমার কাছে আসে। আশপাশের লোকজনও এগিয়ে আসতে দেখে তাঁরা পালিয়ে যান।”
তিনি আরও বলেন, “আমার বাবা-মা নেই, দাদিও নেই। ছোট মেয়েকে নিয়ে আমি কীভাবে বাঁচব, কোথায় গিয়ে আশ্রয় নেব—সেই চিন্তায় দিন কাটে। আমি কারও ক্ষতি চাই না, শুধু নিরাপদে বাঁচতে চাই। আমি কি এই সমাজে নিরাপদে বেঁচে থাকার অধিকারটুকুও পাব না? আমি চাই, আমার মতো অসহায় কোনো নারী যেন আর এমন পরিস্থিতির শিকার না হন।”
ভুক্তভোগী জানান, এ ঘটনায় তিনি রাজবাড়ী আদালতে মামলা দায়ের করেছেন।









