বৃহস্পতিবার | ২৩ জুলাই, ২০২৬ | ৮ শ্রাবণ, ১৪৩৩

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সড়ক দুর্ঘটনায় খাদিজা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান তিনি।

সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তাতুয়া এলাকার বেড়িবাঁধ-সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত খাদিজা বেগম মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। একমাত্র ছেলে বর্তমানে সৌদি আরবে কর্মরত।

সোমবার বিকেলে প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠানোর উদ্দেশ্যে তাতুয়া এলাকায় যান খাদিজা বেগম। ওষুধ দিয়ে বাড়ি ফেরার সময় একটি অটোরিকশায় ওঠার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি হাইস গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী পথচারী সোহাগ হালদার বলেন, আমি ঘটনাস্থলের কাছেই ছিলাম। ওই নারী অটোরিকশায় ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির হাইস গাড়ি এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে গাড়িটি না থেমেই দ্রুত পালিয়ে যায়। আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু তার আগেই তিনি মারা যান।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে মতলব উত্তর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে আনার আগেই মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এতে নিহতের কপাল, গাল, হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে এটি একটি সড়ক দুর্ঘটনা বলে জানা গেছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD