৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল ১১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম-এর সরকারি বাসভবনে বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির কর্মকর্তাবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে দেশের সৃজনশীল বই প্রকাশনা শিল্পের বর্তমান বাস্তবতা, সংকট, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়।
আলোচনায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবসহ দেশের সৃজনশীল প্রকাশনা শিল্পের নানা প্রতিকূলতা ও প্রকাশকদের আর্থিক স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ পরিস্থিতিতে প্রকাশকদের ন্যায্য স্বার্থ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে একটি সমন্বিত ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে মাননীয় প্রতিমন্ত্রীর আন্তরিক সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা কামনা করে সমিতির পক্ষ থেকে সরকারের নীতিগত
ও কার্যকর সহযোগিতা প্রত্যাশা করা হয়।
এ সময় আরও উল্লেখ করা হয়, সৃজনশীল প্রকাশনা শিল্পের টেকসই বিকাশ, প্রকাশকদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে সরকারের নীতিগত সহায়তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় এবং দেশের সৃজনশীল বই প্রকাশকদের সঙ্গে নিয়মিত সংলাপ অত্যন্ত জরুরি। আসন্ন একুশে বইমেলা ২০২৭-কে আরও সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক ও সৃজনশীল প্রকাশনাবান্ধব করে তুলতে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি আশা প্রকাশ করে, সরকারের আন্তরিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় দেশের সৃজনশীল বই প্রকাশনা শিল্পের বিদ্যমান সংকট উত্তরণ, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং একটি সমৃদ্ধ পাঠকসমাজ গড়ে তোলার পথ আরও সুগম হবে।









