বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। পরিবার ও সহকর্মীদের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সূত্র জানায়, নাঈম রহমান সেদিন সকালেই নিয়মিত সময়ের মতো বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। দুপুর ১২টার দিকে অফিসে প্রবেশ করে কিছুক্ষণ পর নিজের ব্যাগ ও পরিচয়পত্র (আইডি কার্ড) টেবিলে রেখে কোথাও বেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কেউ বা সহকর্মীরাও আর যোগাযোগ করতে পারেননি।
মোবাইল ফোন ট্র্যাকিং অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে তার সর্বশেষ অবস্থান শনাক্ত হয় রাজধানীর সায়দাবাদ এলাকায়। ওই সময় তিনি তারই ব্যাচের একজন সহকর্মীকে একটি বার্তা পাঠান। বার্তায় তিনি তার ছোট বোনের জন্য চাকরি জোগাড় করে দেওয়ার অনুরোধ জানিয়ে লেখেন— “এটাই হয়তো আমার শেষ চাওয়া।”
বার্তাটির ভাষা দেখে সহকর্মীরা ধারণা করছেন, তিনি হয়তো মানসিক বা আর্থিক চাপে ছিলেন। পরিবার ও সহকর্মীদের আশঙ্কা, তিনি হয়তো আত্মগোপনে গেছেন বা কোনো অঘটনের শিকার হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবার থেকেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নাঈম রহমানের মা, স্ত্রী, এক কন্যা ও ছোট বোন রয়েছেন, এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সূত্র বা তথ্য হাতে পায়নি পুলিশ। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে— যদি কোনো ব্যক্তি তাকে দেখে থাকেন বা তার সম্পর্কে তথ্য জানেন, তবে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে।









