মাগুরায় একই রাতে জেলা রেজিস্ট্রার অফিস ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নি–সন্ত্রাস চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে দুইটি সরকারি কার্যালয়ে ধারাবাহিকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৪টার দিকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিচতলার পূর্ব পাশের একটি রুম থেকে হঠাৎ প্রচণ্ড আগুন ও ধোঁয়া বের হতে দেখেন তারা। খবর পেয়ে দ্রুত স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে ভূমি অফিসের ঘরে থাকা জমি–জমার নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল–চেয়ারসহ আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোছা. আসমা আক্তার বলেন, “রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে জানালা না ভেঙেই পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে নিচতলার একটি রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরে থাকা প্রয়োজনীয় নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
এদিকে, প্রায় একই সময় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের ভবনের পাশের দলিল লেখকদের তিনটি কক্ষেও আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কক্ষগুলোতে থাকা দলিল ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি সাব-রেজিস্ট্রার অফিসের জানালা ভেঙে এজলাসে আগুন দেওয়ার চেষ্টা চালানো হলেও বড় ধরনের ক্ষতি হয়নি।
মাগুরা ফায়ার স্টেশনের লিডার আলেপ মোল্লা বলেন, “রাত চারটার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি একটি রুম দাউদাউ করে জ্বলছে। আমাদের দুইটি ইউনিটের ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মূল্যবান নথি, কম্পিউটার ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।” পরে তারা জেলা রেজিস্ট্রার অফিসেও আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভান। এখানে তিনটি টিনের ঘরসহ দলিলপত্র পুড়ে যায় বলে জানান তিনি।
মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পেট্রোল ভর্তি বোতল জব্দ করেছে। এটি পরিকল্পিত নাশকতা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।”









