বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

টাকা চাওয়ায় ফিলিং স্টেশনের কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার

রাজবাড়ীতে জ্বালানি তেল নিয়ে চলে যাওয়ার সময় টাকা চাওয়ায় ফিলিং স্টেশনের এক কর্মীকে গাড়িচাপায় হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত রিপন সাহা (৩০) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়ার পবিত্র সাহার ছেলে। এ ঘটনায় পুলিশ গতকাল বিকালে গাড়িটি জব্দ করেছে। আটক করা হয়েছে গাড়ির মালিক আবুল হাসেম (৫৫) ও চালক কামাল হোসেনকে (৪৩)। পেশায় প্রথম শ্রেণীর ঠিকাদার আবুল হাসেম সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও জেলা যুবদলের সাবেক সভাপতি।

গোয়ালন্দের আহলাদিপুর এলাকার করিম ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, ভোরে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়ি এসে পাম্প থেকে ৫ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়ে তারা চলে যেতে থাকলে শ্রমিক রিপন সাহা বাধা দেয়। পরে তাকে চাপা দিয়ে দ্রুত চালক পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই রিপন সাহার মৃত্যু হয়।

স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখে গেছে, ভোর সাড়ে ৪টার দিকে কালো রঙের ল্যান্ড ক্রুজার জিপ গাড়িটি পাম্পে এসে তেল নেয়। গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন শ্রমিক রিপন সাহা ও গাড়ির মালিক আবুল হাসেম। কিছুক্ষণ অবস্থানের পর আবুল হাসেম গাড়িতে উঠে বসেন। এরপর গাড়িটি টান দিলে সঙ্গে সঙ্গে রিপনও দৌড় দেন। এ সময় তাকে চাপা দিয়েই গাড়িটি চলে যায়।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, জ্বালানি তেল নিয়ে টাকা না দিয়ে কালো রঙের গাড়িটি চলে যাচ্ছিল। টাকার জন্য রিপনও পিছু নিয়ে দৌড় দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত যান। পাম্পের আরেক শ্রমিক জাকির হোসেন তাদের পেছনে দৌড় দেন। তিনি ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত গিয়ে দেখেন, রিপনের মাথা ও মুখ থেঁতলানো মরদেহ মহাসড়কে পড়ে আছে।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামে আবুল হাসেমের বাড়ি থেকে কালো রঙের জিপ গাড়িটি জব্দ করেছে পুলিশ। পরে আবুল হাসেম ও চালক কামাল হোসেনকে আটক করা হয়েছে। তাদের থানা হেফাজতে রাখা রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD