বৃহস্পতিবার | ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩

রাজবাড়ী

উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: রাজবাড়ীতে অর্থ উপদেষ্টা

আবু সাইদ

রাজবাড়ী প্রতিনিধি: বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এর ফলে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর তীব্র আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর, ২০২৬) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন.
অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, বিনিয়োগ পরিস্থিতি, বিশেষ করে বেসরকারি খাতের বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতিতে নতুন করে বাড়তি চাপ তৈরি করেছে।
আইএমএফের জিডিপি প্রক্ষেপণ ও অপপ্রচারের বিষয়ে ড. তিতুমীর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পক্ষ তথ্য বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জিডিপি নিয়ে যে প্রক্ষেপণ উপস্থাপন করেছে, সেখানে একটি মৌলিক বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে—তা হলো, প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়ন করা না হলে প্রবৃদ্ধির হার আরও কমে যেত।
সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপ তুলে ধরে তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আহরণ বাড়ানো এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এছাড়া মূল্যস্ফীতির কষাঘাতে সাধারণ মানুষ যেন নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে না যায়, সে জন্য সরকার বেশ কিছু যুগান্তকারী ও লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম এবং জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD